দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ বিশিষ্টজনদের
দুর্নীতির সঙ্গে জঙ্গিবাদের সম্পৃক্ততা রয়েছে। সাধারণত উচ্চপর্যায়ের ক্ষমতাশালী মানুষেরা দুর্নীতি করে, আর ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। তাই গরিব মানুষের জঙ্গিবাদের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব মন্তব্য করেন।
বক্তারা বলেন, দুর্নীতির মাত্রা ক্রমেই কেতাবি সংজ্ঞার বাইরে চলে যাচ্ছে। এটি হটানো না গেলে তা দেশকে ধ্বংস করে দেবে। দুর্নীতির দ্রুত বিচারে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মতো দুর্নীতি দমন ট্রাইব্যুনাল করা প্রয়োজন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, প্রক্রিয়াগত কারণেই কমিশন দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে সক্ষমতা দেখাতে পারছে না। প্রক্রিয়ায় সমস্যা থাকায় কমিশনের প্রতি মানুষের কাঙ্ক্ষিত মাত্রার আস্থা নেই। তিনি আরও বলেন, ‘বলা হয় বড় বড় রুই-কাতলাদের ধরা হচ্ছে না। আসলে এ বিষয়ে দেশে প্রচলিত আইন ও পদ্ধতি সবার বিবেচনায় রাখতে হবে। বর্তমানে দুদকসহ সরকারের সব স্তরে জবাবদিহির জায়গা তৈরি হচ্ছে। কারণ, সুশাসন নিশ্চিত করতে এখনই দুর্নীতির লাগাম টানা দরকার। আমি শুধু বলতে পারি, নিরাশ হওয়ার কিছু নেই দিনের শেষে সত্যের জয় নিশ্চিত।’
দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুদকের মূল ভিত্তি হলো স্বাধীনতা ও নিরপেক্ষতা। এ জন্য দুদককে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। কার বিরুদ্ধে অনুসন্ধান করা যাবে, কাকে ডাকা যাবে, আর কাকে ডাকা যাবে না—এই প্রভাব থেকে দুদককে সব সময় মুক্ত রাখতে হবে। দুদকের বর্তমান আইন কাঠামো দ্বারা জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, দুদকে সরকারি সচিবের মর্যাদায় সচিব ও নিজস্ব সচিবালয় থাকতে হবে। একই সঙ্গে আইন মন্ত্রণালয়ের সঙ্গে দুদকের সংযোগ করতে হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ন একাকার হয়ে গেছে। এদের কাছে সরকারি প্রতিষ্ঠান ও সরকার বড় অসহায়। দুদককে শক্তিশালী করতে আলাদা ক্যাডার থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু ডেপুটেশন বা প্রেষণে আসা কর্মকর্তাদের দিয়ে কাজ করালে ধারাবাহিকভাবে ভালো কাজ করা সম্ভব নয়।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার দুদকের যে ২২টি অফিস আছে, সেগুলো না বাড়িয়ে এর মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেন। তিনি বলেন, প্রয়োজনে জনবল বাড়াতে পারেন। এসব জনবল দিয়ে ছোট ছোট ঘুষ দুর্নীতির মামলা না ধরে বড় বড় দুর্নীতিবিরোধী কার্যক্রমগুলো বেশি করুন।
নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তালেবানের উত্থানের কারণ কারচুপির নির্বাচন, দুর্নীতি ও বিচারহীনতা। তাই আমি মনে করি, দুর্নীতির সঙ্গে অবশ্যই জঙ্গির সম্পৃক্ততা আছে। তিনি বলেন, দুর্নীতিবাজ রাঘব বোয়ালরা যাতে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে জন্য যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের মতো দুর্নীতি দমন ট্রাইব্যুনাল করা দরকার। এ ছাড়া সর্ষের ভেতর থেকে ভূত তাড়াতে দুদককে মানুষের আস্থা অর্জন করতে হবে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। আরেক কমিশনার নাসিরউদ্দীন আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান প্রমুখ।