দুর্নীতিবিরোধী দিবসে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি এবং দুর্নীতি প্রতিরোধে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের ভূমিকা সম্পর্কে সবাইকে জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বুধবার উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। বিভিন্ন সংগঠন দিনটি উদযাপন করছে।

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’‍ এ প্রতিপাদ্য সামনে নিয়ে দিনটি উদযাপন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল সোয়া নয়টায় সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হবে। বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা। সন্ধ্যা ছয়টায় শাহবাগ শিশুপার্কে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এ ছাড়া বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদকের উদ্যোগে দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদানের লক্ষ্যে তেজগাঁও, গুলশান ও সূত্রাপুর সাব-রেজিস্ট্রি অফিস এবং গুলশান, তেজগাঁও ও কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) অফিসগুলো নিয়ে গণশুনানি হবে।
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এ প্রতিপাদ্যে প্রতিবারের মতো এবারও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। এ উপলক্ষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে মানববন্ধন করবে টিআইবি। এতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ছাড়াও টিআইবির অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য এবং সমমনা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।