দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন
জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: শহরের চৌরাস্তা এলাকায় সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. বদরুদ্দোজা, শিক্ষাবিদ মনতোষ কুমার দে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক আবদুল লতিফ ও মনসুর আলী বক্তব্য দেন।
পঞ্চগড়: কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সকাল ১০টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে শহীদ মিনার চত্বরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জেকেরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সেখানে বক্তারা দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে সকালে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সুধীজন অংশ নেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বদরগঞ্জ (রংপুর): স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে সকাল ১০টায় শোভাযাত্রা বের হয়। এটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফজাল হোসেন প্রামাণিক।