দুর্নীতিবিরোধী মঞ্চ গঠন আজ গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুর্নীতিবিরোধী মঞ্চ গঠন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সব কটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। একই দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। আজ মঙ্গলবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা গণ-অনশন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে গত শনিবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করছেন।প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তৃতা করেন গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক তুহীন ওয়াদুদ, হিসাববিজ্ঞানের আপেল মাহমুদ ও ওমর ফারুক, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তৃতীয় দিনের মতো দিনভর বিক্ষোভ প্রদর্শন করেছেন। ভবনের প্রতিটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় কোনো ক্লাস হয়নি। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা ওয়াজেদ রিসার্স ইনস্টিটিউটের সামনে দুর্নীতিবিরোধী গণমঞ্চ করেন। সেখানে আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালন করা হবে বলে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের সঙ্গে সাক্ষাতের অনুমতির জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, অল্প কয়েকজন শিক্ষকের প্ররোচনায় শিক্ষার্থীরা অনিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছেন।