দুর্নীতিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ ও মাগুরায় গতকাল শুক্রবার দুর্নীতিবিরোধী সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব কর্মসূচির আয়োজন করে।
ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুলমাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাগুরা কালেক্টরেট চত্বরে আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহাবুবর রহমান প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা সততা সংঘের সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়।