দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্যরা। একই সঙ্গে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনগণকে আরও সম্পৃক্ত করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার করেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সকালে টিআইবির ধানমন্ডি কার্যালয়ে সংস্থার সদস্যদের বার্ষিক সভায় এই আহ্বান জানানো হয়।
দেশের ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনা খাতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করাসহ অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সঞ্চয় ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ব্যবসা-বাণিজ্যে কালোটাকা ও সিন্ডিকেটের প্রভাব নিয়ন্ত্রণে এবং পুঁজিবাজারে সাধারণ মানুষের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে কালোটাকা বৈধ করার সব প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগ বন্ধ করার জোর আহ্বান জানানো হয়।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ঘুষ, স্বজনপ্রীতি, তদবিরসহ বিভিন্ন দুর্নীতির কারণে প্রশাসন মেধাশূন্য হয়ে পড়ছে বলে মন্তব্য করে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন টিআইবির সদস্যরা। পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবের গ্রহণযোগ্য সমীক্ষা না করেই রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে তা সুন্দরবনের ওপর ভয়াবহ ক্ষতিকর প্রভাব ফেলবে বলে দাবি করেন তাঁরা। দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে অসৎ ও অযোগ্য প্রার্থীরা অর্থ ও পেশিশক্তির জোরে নির্বাচিত হচ্ছেন বলেও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
টিআইবির সদস্য মো. শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সুলতানা কামাল বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবারই দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে। দেশ থেকে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অনাচার, অবিচার ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে সচেতন নাগরিক সমাজ একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।
ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদক, বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থা যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, সে জন্য তাদের আইনি কাঠামো শক্তিশালী ও সুদৃঢ় করার দাবি তুলে ধরা এবং এসব ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করা ও দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টি করাই টিআইবির কাজ।’
টিআইবি জানিয়েছে, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে আগ্রহী বিভিন্ন পেশাজীবী ও সাধারণ নাগরিককে টিআইবি সদস্যভুক্ত করে আসছে। বর্তমানে টিআইবির সদস্যসংখ্যা ৩৫০ জনের বেশি। বিজ্ঞপ্তি।