পৌর কর্তৃপক্ষ হবে দুর্নীতিমুক্ত আর পৌরসভা হবে মাদকমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক—এমনটি চান কুমিল্লার হোমনা পৌরবাসী। এ জন্য তাঁরা দেখে, শুনে ও বুঝে ভোট দেবেন। দল দেখে নয়, পৌরবাসীর পাশে থাকবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তাঁরা।
গতকাল মঙ্গলবার পৌর এলাকার বিভিন্ন শ্রেণির ভোটারের সঙ্গে কথা বলে প্রার্থীদের কাছে তাঁদের প্রত্যাশার এসব কথা জানা গেছে। তাঁরা বলেন, জনসাধারণের পাশে থেকে উন্নয়ন করবেন, এমন প্রার্থীকে তাঁরা ভোট দিতে চান। তাঁরা এমন প্রার্থীকে ভোট দেবেন, যিনি দুর্নীতি করবেন না।
উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভোটার তপন চন্দ্র সূত্রধর বলেন, ‘ভোট দেখে, শুনে ও বুঝে দেব। পৌরসভা হবে আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মাদকমুক্ত। কর্তৃপক্ষ হবে দুর্নীতিমুক্ত। পৌরসভা নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন, নাগরিক সমস্যা নিয়ে কাজ করবেন—এমন প্রার্থীই আমরা চাই।’
৯ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম বলেন, ‘আমাগোর দিকে সব সময় খেয়াল রাখেন এমন মেয়র চাই। আমরা দুঃখে-সুখে যাকে পাইমু, হেই প্রার্থীকে মেয়র হিসাবে ভোট দিমু। রাস্তা-ঘাট, বিরিজ, বিদ্যুৎ, পানির সুবিধা চাই।’
নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪৩ এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম, বিএনপির আবদুল লতিফ, জাতীয় পার্টির ইসমাইল হোসেন সিরাজী, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হানিফ মিয়া ও আলমগীর সরকার, খেলাফত আন্দোলন বাংলাদেশের আবদুল হাকিম ও স্বতন্ত্র প্রার্থী জহিরুল হক নির্বাচন করছেন।
হোমনা ডিগ্রি কলেজের পরিচালনা পর্যদের দাতা সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন লাল রায় বলেন, পৌরসভা হবে উন্নয়নমুখী। পৌর কর্তৃপক্ষকে ক্ষুদ্র শিল্পকারখানা সৃষ্টিতে উদ্যোগ নিতে হবে। এখানে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিনোদনের ব্যবস্থা নেই। রাস্তাঘাট, পৌর শহরের একমাত্র বাজারটির বেহাল অবস্থা না দেখলে সহজে অনুধাবন করা যাবে না। পয়োনিষ্কাশনের যাচ্ছেতাই অবস্থা। বিভিন্ন স্থানে সড়কবাতির অভাবে বখাটেদের উৎপাত, মাদকসেবীদের বিচরণ বেড়ে গেছে। এগুলো ঠিক করতে হবে।
হোমনা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী শিবু সাহা বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দেখনের কেউ নাই। বাজারটিতে আধুনিকতার ছোঁয়া নাই, ১৩-১৪ বছর ধইরা কোনো উন্নয়ন নাই বাজারের। আমাগোর সুযোগ-সুবিধা দিতে পারবে, হেই লোককে ভোট দিমু।’