দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দুই মেয়র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান বলেছেন, নির্বাচিত হলে তিনি নগর ভবনকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করবেন। সদ্য বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, তিনি নগর ভবনকে অনেকাংশে দুর্নীতিমুক্ত করতে পেরেছেন। আবার নির্বাচিত হলে নগর ভবনকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করবেন। গতকাল মঙ্গলবার জনগণের মুখোমুখি হয়ে দুই মেয়র পদপ্রার্থী এসব কথা বলেন। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরের শহীদ হাদিস পার্কে এ মতবিনিময় সভার আয়োজন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিয়াকত আলী।আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থী ছাড়াও খুলনা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির মেয়র পদপ্রার্থী জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।শুরুতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন মেয়র পদপ্রার্থীদের কাছে সমন্বয় কমিটির পক্ষ থেকে ২৩ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ খাল দখলমুক্ত করা, হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে নিজস্ব আয় বৃদ্ধি করে আয়ের নতুন খাত স্থাপন করা ইত্যাদি।দাবি উত্থাপনের পর মনিরুজ্জামান বলেন, উন্নয়ন কমিটির ২৩ দফাই শুধু নয়, বরং এর বাইরেও কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলে সেগুলো বাস্তবায়ন করে একটি আধুনিক খুলনা গড়তে তিনি বদ্ধপরিকর।আবদুল খালেক বলেন, ২০০৮ সালের আগের খুলনা ও বর্তমান খুলনার মধ্যে বিরাট পার্থক্য সৃষ্টি হয়েছে। নির্বাচনে খুলনাবাসী এগুলো মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী। শফিকুল ইসলাম বলেন, তিনি কেডিএ-কেসিসির সমন্বয়ের মাধ্যমে আধুনিক ও পরিচ্ছন্ন নগর বানাবেন খুলনাকে।১০ মিনিট করে বক্তব্য দেওয়ার পর সাধারণ জনগণের নানা প্রশ্নের উত্তর দেন তিন মেয়র পদপ্রার্থী। প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী: তালকুদার আবদুল খালেক সকাল সাতটায় টুটপাড়া, জোড়াকল বাজার, করের বাজার, মহীর বাড়ির খালপাড় ও সেন্ট্রাল রোড এলাকায় গণসংযোগ করেন। বিকেলে তিনি জনতা ও অগ্রণী ব্যাংক ও এর আশপাশে প্রচারণা চালান। পরে তিনি খালিশপুর ও দৌলতপুরে যান।মনিরুজ্জামান সকালে তাঁর নির্বাচনী কার্যালয়ে ইমাম পরিষদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। বিকেলে তিনি ১৪ নম্বর ওয়ার্ডের রায়ের মহল এলাকায় গণসংযোগ করেন।