জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আগে নিজেদের শপথ নিতে হবে, তারপর অন্যদের শপথ করাতে হবে। তাহলেই আগামী প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত দেশ উপহার দেওয়া সম্ভব হবে।
গতকাল শনিবার বিকেলে ফেনীর দাগনভূঞার সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের পুনর্নির্মিত একাডেমিক ভবন ও অ্যাডভোকেট জহুর অডিটোরিয়ামের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য-বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজি আলা উদ্দিন, লে. জেনারেল (অব.) আবদুল হাফিজ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শামীম চৌধুরী, কমোডর (অব.) মুহাম্মদ জসীম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোশাররফ, পুলিশ সুপার মো. রেজাউল হক, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, সাংবাদিক টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইফতেখার ইসলাম।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা বিদ্যালয়টি পুড়িয়ে দেয়। পরে জহুর ফাউন্ডেশনের উদ্যোগে নতুন করে একাডেমিক ভবন নির্মাণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় এলাকায় জহুর অডিটোরিয়াম নির্মাণ করা হয়।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। তিনি বলেন, পরাধীনতা থেকে দেশ মুক্ত হলেও অর্থনৈতিক মুক্তি না আসার কারণ দুর্নীতি। সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।