দেশ ও সমাজ দুর্নীতিমুক্ত রাখতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে গতকাল শুক্রবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধবিষয়ক ওই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। উপস্থিত সবাইকে দুর্নীতি না করার শপথবাক্য পাঠ করানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ শব্দ ভাঙলে দুটি অর্থ পাওয়া যায়, ‘মান ও হুঁশ’। সবার নিজস্ব মান বজায় রাখতে হবে, একই সঙ্গে হুঁশ থাকতে হবে। মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ স ম জগলুল হায়দার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন প্রমুখ।