দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার, শেষ হলো বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তিতর্কের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো দুর্নীতিবিরোধী ছায়া সংসদ বিতর্ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা।গতকাল সোমবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এর সমাপনী অনুষ্ঠিত হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। তিনি বলেন, ‘বিতর্কের বড় গুণ হলো, এটি মানুষকে চিন্তা করতে শেখায়, যুক্তিশীল করে। এটি আমাদের সাংসদদের মধ্যে অনুপস্থিত।’ তিনি বিতার্কিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আশা করি, ভবিষ্যতে তোমরা সংসদে যাবে। তবে তোমরা বর্তমান সাংসদদের মতো সাংসদ হবে না। তোমরা সংসদে কথা বলবে যুক্তি দিয়ে, দেশ ও সমাজের সমস্যা নিয়ে কথা বলবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. ক. মইনুল ইসলাম চৌধুরী, টিআইবির যোগাযোগ বিভাগের পরিচালক এস এম রিজওয়ান-উল-আলম, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার বক্তব্য দেন।টিআইবি ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন এ ছায়া সংসদ বিতর্ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করে। দুই দিনব্যাপী এ আয়োজনে ঢাকাসহ দেশের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জন বিতার্কিক নির্বাচিত হয়। তারা চূড়ান্ত অধিবেশনে অংশ নেবে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সৌভিক কুন্ড।দুই দিনের এ আয়োজনে বিতার্কিকেরা যুক্তিতর্কের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে। তারা যুক্তির মাধ্যমে তুলে ধরে, একমাত্র সত্ ও যোগ্য নেতৃত্বই দেশকে দুর্নীতিমুক্ত করতে পারে। এ প্রতিযোগিতায় গণমাধ্যম সহযোগী ছিল দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও বৈশাখী মিডিয়া।দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা কোর্স শুরু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং টিআইবির যৌথ উদ্যোগে গতকাল সোমবার থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হয়েছে। কুমিল্লার বার্ডে তিন দিনব্যাপী এ কোর্সে চট্টগ্রাম বিভাগের ২২ জন সাংবাদিক অংশ নিচ্ছেন বলে জানিয়েছে টিআইবি।