দুর্নীতিমুক্ত দেশ গড়ার শপথ করল গাইবান্ধার কৃতীরা
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে এবার গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সাত উপজেলার এক হাজার ৩২ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে ৯১১ জন উপস্থিত ছিল। শুরুতে আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় মেসি ও স্পেনের ক্যাসিয়াস সেজে বন্ধুসভার সদস্য রাসেল ও রিয়াদ উপস্থাপনা নিয়ে বিতর্ক করে। পরে তারা কেউই উপস্থাপনা না করে উপস্থাপককে মঞ্চে হাজির করে। বন্ধুসভার শিল্পীদের পরিবেশিত গানে গানে ফুল ছিটিয়ে কৃতী শিক্ষার্থীদের অভ্যর্থনা জানায় বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লোল কুমার চক্রবর্তী, অধ্যক্ষ রেজাউল করিম, রমজান আলী, মাজহারউল মান্নান, রবির আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম লুৎফুল হক, প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক শওকত হোসেন। অনুষ্ঠানটির উপস্থাপনা করে বন্ধুসভার সদস্য আনিস মোস্তফা। ক্রেস্ট ও অভিনন্দনপত্র বিতরণের আগে কৃতী শিক্ষার্থীরা মুষ্টিবদ্ধ হাত তুলে মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ করে। পাশাপাশি তারা মাতৃভূমিকে দুর্নীতিমুক্ত মানুষের বসবাসযোগ্য একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার করে। শপথবাক্য পাঠ করান মাজহারউল মান্নান। সংবর্ধনা পাওয়ার পর কৃতী শিক্ষার্থী নিলুফার ইয়াসমিন বলে, ‘আমার বাবা একজন দিনমজুর। মা কাঁথা সেলাইয়ের কাজ করেন। দুজনার আয় দিয়ে পাঁচ সদস্যের সংসার চলে না। সংসারে নুন আনতে পান্তা ফুরায় দশা। গত বছর ফরম পূরণ করতে গিয়ে টাকার অভাবে বড় বোন এসএসসি পরীক্ষা দিতে পারেনি। সকালে চালভাজা খেয়ে বিদ্যালয়ে যেতে হয়েছে। বান্ধবীরা দিলে টিফিন হতো, না হলে পানি ছিল একমাত্র ভরসা।’