ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল সোমবার যখন একের পর এক ককটেলের বিস্ফোরণ হচ্ছিল, তখন বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সার বেঁধে স্কুল প্রাঙ্গণে তখন দাঁড়িয়ে ছিল বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী। কলম ছুঁয়ে তারা শপথ নিচ্ছিল শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ইউলেসা) এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তাদের শপথ পাঠ করান। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে নারী-পুরুষনির্বিশেষে গুরুজন ও শিক্ষককে সম্মান করা, সমাজের যেকোনো ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করা, সত্য কথা বলা, মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দুর্নীতিমুক্ত, শোষণহীন অসাম্প্রদায়িক দেশ গড়া এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ পাঠ করে।এর আগে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘এই সমাবেশ থেকে কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হবে কি না, জানা নেই। তবে এটাই হলো তোমাদের তৈরি হওয়ার সময়। দেশকে চিনবে, দেশের মানুষকে চিনবে। সমুন্নত রাখবে দেশের সংস্কৃতি।’সাংসদ সারা বেগম কবরী বলেন, একজন বন্ধুই পারে সঠিক সময়ে পাশে দাঁড়াতে। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিনা বানু বলেন, এসব শপথবাক্য মেনে চললে জীবনে চলার পথ সুন্দর হবে। অনুষ্ঠান পরিচালনা করেন ইউলেসার সাধারণ সম্পাদক আনিসুর রহমান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাইম আহমেদ খান, ছিদ্দিকুর রহমান, নাসের ইকবাল, সাগর লোহানী, কামরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।