দুর্নীতিমুক্ত দেশ লক্ষ্যে মানববন্ধন, শপথ গ্রহণ
দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুদকের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন স্কুলসহ কদমরসুল কলেজে বিশাল মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাতটি স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবীবের সভাপতিত্বে মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপপরিচালক মোর্শেদ আলম, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভানেত্রী আমেনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ সুলতানা, বন্দর থানার ওসি আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, কদমরসুল কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, বন্দর প্রেসক্লাবের সহসভাপতি কবির হোসেন ও সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাবিবুর রহমান, কদমরসুল কলেজের গভর্নিং বডির সদস্য সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ইউএনও মৌসুমী হাবীব।