দুর্নীতিমুক্ত নগর গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত হলে সিলেট নগরকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেছেন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়া প্রধান দুই প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী। গতকাল শনিবার সকালে নগরের সিলেট অডিটোরিয়ামে আয়োজিত ‘যোগ্য প্রার্থী নির্বাচন’ শীর্ষক এক অনুষ্ঠানে তাঁরা মঞ্চে উঠে এ অঙ্গীকার করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাবও দেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। সনাক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বক্তৃতায় বদিউল আলম মজুমদার কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অসৎ ব্যক্তিকে অন্ধবিশ্বাসে ভোট দিয়ে নির্বাচিত না করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরিফুল হক বলেন, ‘বিগত দিনে নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে আমি অনেক উন্নয়ন করেছি। কিন্তু সে সময় সাবেক মেয়র কামরান সাহেবের সহযোগিতা পেলে আরও উন্নয়ন করতে পারতাম। নির্বাচিত হলে নগরকে পর্যটন নগরে পরিণত করব।’বদরউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রবল বর্ষণ ও বৃষ্টির কারণে নগরে জলাবদ্ধতা হয়, সেটা অস্বীকার করব না। তবে আমি মেয়র থাকাকালে ছড়া ও খাল জবরদখল থেকে উদ্ধার করে খনন করে সীমানাপ্রাচীর তৈরি করেছি। এতে জলাবদ্ধতা অনেকটাই কমে গেছে।’ দুই মেয়র প্রার্থীই নগরকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন।