দুর্নীতিমুক্ত নীলফামারী গড়ার প্রত্যয় প্রার্থীদের
এক মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে নীলফামারী শিশুপার্কে আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তাঁরা এ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রার্থীদের ফুল দিয়ে বরণ করেন টিআইবি-সনাকের আহ্বায়ক অধ্যাপক নরেশ চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রার্থীরা তাঁদের নিজ নিজ ইশতেহার তুলে ধরে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উপজেলার উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেবেন, তা-ও জনগণের কাছে স্পষ্ট করেন তাঁরা।
অনুষ্ঠানে টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফ মাহমুদ, হিসাব ও ব্যবস্থাপনা কর্মকর্তা সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সনাকের সহসভাপতি তাহমিন হক।
১৫ মার্চ নীলফামারীর সদর উপজেলা পরিষদ নির্বাচন হবে। চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।