দুর্নীতিমুক্ত পৌরসভার দাবি ও সনাকের ‘না’
টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে দুর্নীতিমুক্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেছেন পৌরসভার মেয়র আতাউর রহমান। সনাক আয়োজিত এক অনুষ্ঠানে পৌর মেয়র এ দাবি করেন। তবে পৌরসভাকে দুর্নীতিমুক্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি বলে পাল্টা দাবি করেছে সনাক। গত বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার নামোরাজরামপুরে সনাকের উদ্যোগে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জামায়াতের নেতা আতাউর রহমান। জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তরে একপর্যায়ে তিনি বলেন, ২০০৫ সাল থেকে টিআইবির সনাক তাঁদের সঙ্গে কাজ করছে এবং সনাক এই পৌরসভাকে দুর্নীতিমুক্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে। অনুষ্ঠানে সনাকের পক্ষ থেকে এ বক্তব্যের বিরোধিতা করা হয়নি।এ ব্যাপারে সনাক চাঁপাইনবাবগঞ্জের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানে পৌর মেয়রের দাবির ব্যাপারে সরাসরি বিরোধিতা করলে বিষয়টি সাংঘর্ষিক হতো। এ জন্য ইঙ্গিতে বিরোধিতা করা হয়েছে। তিনি বলেন, কোন প্রতিষ্ঠান দুর্নীতিযুক্ত আর কোন প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত—সনাক এমন সার্টিফিকেট দেওয়ার কেউ নয়।