রাঙামাটি সদর উপজেলা পরিষদে দুর্নীতিমুক্ত প্রশাসন, উপজেলাকে মাদকমুক্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা।
গতকাল মঙ্গলবার রাঙামাটি শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে তাঁরা এ অঙ্গীকার করেন।
রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। সনাকের সহসভাপতি সুসিঞ্চতা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে জনগণের প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুবুল বাসেতসহ ভাইস চেয়ারমান পদপ্রার্থীরা। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নিজেদের পরিচয় ও অঙ্গীকার তুলে ধরেন চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল আলম, সদানন্দ চাকমা ও মাহফুজ উদ্দিন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নূর জাহান, সালেহা আক্তার ও মহতী চাকমা।
অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন টিআইবির প্রকল্প ব্যবস্থাপক গীতা রাণী অধিকারী। বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রার্থীরা কাপ্তাই হ্রদকে দখল ও দূষণমুক্ত করা, ইউনিয়ন পরিষদের সঙ্গে উপজেলা পরিষদের সমন্বয়, নারী ও শিশু অধিকার, কাবিখা, টিআর বণ্টন, অবকাঠামো উন্নয়ন, শহর ও গ্রামের সুযোগ-সুবিধার সমন্বয় এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী অরুণ কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ কুসুম চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিতা চাকমা এবং স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কৃষ্ণা দেব অনুপস্থিত ছিলেন।