কক্সবাজারে গতকাল শনিবার ‘পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনে’ দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিতকরণের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার আদালতে বিচারাধীন ৪১ হাজার ৭৫০টি মামলা দ্রুত নিম্পত্তি করে এর (মামলা) সঙ্গে জড়িত লোকজনকে বাঁচানোর তাগিদ দেওয়া হয়।
জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে গতকাল বেলা ১১টায় শুরু হওয়া সম্মেলনে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা হুসনে আরা বেগম। বেলা তিনটা পর্যন্ত সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, টেকনাফ ৪২ বার্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুস সোবহান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন মো. আলমগীর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুরাদ, বিভাগীয় বন কর্মকর্তা শাহ-ই-আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি, ছৈয়দ আলম ও সম্পাদক মোহাম্মদ তারেক, সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, আদালতের পিপি মমতাজ আহমদ, এপিপি নুরুল ইসলাম, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহারউদ্দিন কাজী, কক্সবাজার সদর ও রামু থানার ওসি মাহফুজুর রহমান, সাইকুল আহমেদ চৌধুরী প্রমুখ।
জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এই সভা ডাকা হয়েছে। আইনগত দুর্বলতা, অজ্ঞতা—এটাও দুর্নীতির অন্তর্ভুক্ত।