দুর্নীতিমুক্ত সেবা দিতে ব্যর্থ হলে জেলে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিমুক্ত সেবা দিতে না পারলে সরকারি কর্মকর্তাদের জেলে যেতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, জনগণের দুর্নীতিমুক্ত সেবা পাওয়ার অধিকার রয়েছে। আইনের বাইরে গিয়ে কেউ কাজ করতে পারবে না। যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি মানতে হবে। যদি সম্ভব হয় বিদ্যমান পদ্ধতির উন্নতি করতে হবে।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা: দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ শিরোনামে সরকারের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন দুদকের চেয়ারম্যান।

কাস্টমস কার্যালয়ের নানা অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘সব অভিযোগ আমরা সত্য বলব না। তবে কিছু যদি সত্য না থাকে তাহলে এতগুলো কনটেইনার স্ক্যানিং ছাড়া কীভাবে চলে যায়? ওখানে যে অস্ত্র যায়নি কে বলবে?’

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, চলতি বছরের ৫ ও ৬ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম বন্দর দিয়ে ১২ কনটেইনারে আনা ১৩৮ কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করে। এই চালান জব্দ করার পর শুল্ক গোয়েন্দারা অনুসন্ধান করে জানতে পারেন, ঢাকার দুটি প্রতিষ্ঠানের নামে এর আগে ৭৮ কনটেইনার পণ্য স্ক্যানিং ছাড়াই থেকে খালাস করে নেওয়া হয়।

সভায় দুদকের মহাপরিচালক মো. শামসুল আরেফিন বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়া জনগণ কী কী অভিযোগ করছেন, তার কিছু চিত্র তুলে ধরেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, দুদকের মহাপরিচালক মো. শামসুল আরেফিন, চট্টগ্রামের কাস্টমস কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, বেশির ভাগ দুর্নীতি হয় ভূমি অফিসে। ভূমি অফিসসহ সব অফিস দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছে দুদক। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তা সেবা দিতে গিয়ে যদি ভুল করেন এবং সে ভুল যদি উদ্দেশ্যমূলক কিংবা ইচ্ছাকৃত না হয় তাহলে তাঁর বিরুদ্ধে মামলা হবে না।