নির্বাচন কমিশনের (ইসি) জন্য ৩৪ কোটি টাকা ব্যয়ে সফটওয়্যার কেনার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্ত করে যাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির চাহিদার পরিপ্রেক্ষিতে আইএমইডি এই পদক্ষেপ নিয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রথম আলোতে ৭ ডিসেম্বর ‘৩৪ কোটি টাকায় একই সফটওয়্যার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পরদিন দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য আইএমইডিকে চিঠি লেখে। চিঠিতে তদন্ত শেষে এ সম্পর্কিত প্রতিবেদন সংসদীয় কমিটিতে পাঠাতে বলা হয়েছে। চিঠির সঙ্গে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের অনুলিপিও পাঠানো হয়। প্রতিবেদন পাওয়ার পর সংসদীয় কমিটি এ বিষয়ে তাদের মতামত জানাবে।
আইএমইডি সূত্র জানায়, ইসির এএফআইএস সফটওয়্যার কেনাকাটা সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন হতে পারে। আগামী সপ্তাহের মধ্যে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন হতে পারে।
আইএমইডির ভারপ্রাপ্ত সচিব শহীদউল্লা খন্দকার গতকাল সোমবার বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
ইসির নিবন্ধন বিভাগ তাদের ভোটার তথ্যভান্ডারের আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় ডিজাস্টার রিকভাররি সাইটের (ডিআরএস) জন্য ৩৪ কোটি টাকা ব্যয়ে তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠান টাইগার আইটি থেকে এফআইএস সফটওয়্যার কিনতে যাচ্ছে। ২০১০ সালে তারা ভোটার তথ্যভান্ডারের জন্য একই প্রতিষ্ঠানের কাছ থেকে একই সফটওয়্যার কিনেছিল ১৪ কোটি টাকায়। ইসি সচিবালয়ের নিবন্ধন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, সফটওয়্যার সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছে।