দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দেবখন্ড ছিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ফজলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৯ মার্চ তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল হক তালুকদার বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এর আগেও ফজলুর রহমানকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে স্থানীয় লোকজনের সুপারিশ ও তাঁর অঙ্গীকারের ভিত্তিতে তাঁকে আবার স্বপদে বহাল করা হয়। এরপর তিনি আবার সভাপতির স্বাক্ষর জাল করে একজন শিক্ষকের পদায়নের জন্য মহাপরিচালকের কাছে আবেদন করেন। সন্দেহ হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক অধ্যক্ষের কাছে মূল কার্যবিবরণী তলব করলে তিনি মাদ্রাসায় আসা বন্ধ করে দেন। কমিটি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও তিনি যোগাযোগ না করায় মাদ্রাসার শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে ফজলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়ে তিনি কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। পরিচালনা কমিটি অনিয়ম পেলে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করতে পারে। এ বিষয়ে আমাদের বলার কিছু নেই।’

জানা যায়, ফজলুর রহমান ১৯৮৩ সালে দেবখন্ড ছিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার সুপার হিসেবে যোগদান করেন। তাঁর নিয়োগপত্রে ত্রুটি ও নয় বছর বয়সে দাখিল পাসের মতো তথ্যসংবলিত সনদ পেশ করায় তিনি সরকারি বেতন পাননি। পরে তিনি তৎকালীন পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে ১৯৮৪ সালে আবার নিয়োগ দেখিয়ে বেতন-ভাতাদি পেতে শুরু করেন। ১৯৯৮ সালে পরিচালনা কমিটির সভাপতি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অধ্যক্ষের দুর্নীতি তদন্ত করে তাঁকে আবার সাময়িক বরখাস্ত করেন। পরে অঙ্গীকারনামা দিয়ে চাকরি ফিরে পেয়ে তিনি আবারও মাদ্রাসার অর্থ আত্মসাৎ করেন। সম্প্রতি তিনি ভুয়া কার্যবিবরণী তৈরি করে মাদ্রাসার অপর এক শিক্ষকের সরকারি বেতন-ভাতা তুলতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।