দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এক কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত এবং দুই ঘণ্টা তালাবন্দী করে রাখার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এ ছাড়া লাঞ্ছিত হয়েছেন আরও দুই শিক্ষক। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ছলিমপুর হাজী নাছিরউদ্দীন কলেজে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। কলেজের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার ফরম পূরণ, বেতন, সনদ ও কেন্দ্র ফি বাবদ অধ্যক্ষ অতিরিক্ত টাকা নিয়েছেন। কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও তিনি দুর্নীতি করেছেন। অধ্যক্ষের এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় কলেজে দেরিতে আসার অভিযোগ দেখিয়ে সম্প্রতি নয়জন শিক্ষকের এক দিনের বেতন কেটে নেওয়া হয়েছে। একইভাবে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীরও ২৬ দিনের বেতন কেটে নেওয়া হয়। এ ছাড়া সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল বাসারকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অধ্যক্ষের বিরুদ্ধে এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজের ছাত্ররা গতকাল সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় অধ্যক্ষ এক ছাত্রকে মারতে উদ্যত হলে ছাত্ররাও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অধ্যক্ষকে টেনে-হিঁচড়ে তাঁর কক্ষে নিয়ে তালা লাগিয়ে দেয়। এ ছাড়া কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম ও পার্থপ্রতিম বিশ্বাসকেও লাঞ্ছিত করে ছাত্ররা। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষকে উদ্ধার করে। এ সময় ছাত্ররা কলেজের অধ্যক্ষের অপসারণ ও শিক্ষক আবুল বাসারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানায়। উপজেলা চেয়ারম্যান সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্ররা শান্ত হয়। কলেজের অধ্যক্ষ এম এ মোমিন বলেন, এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা অফিসে জমা না দিয়ে শিক্ষক জিয়াউর রহমান, বরকত আলী ও সঞ্জয় কুমার রায় নিজেদের কাছে রেখে দেন। পরে নয়জন শিক্ষক ওই টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেন। বিষয়টি নিয়ে বসতে বললে ওই শিক্ষকেরা তাতে রাজি না হয়ে গত বৃহস্পতিবার উপাধ্যক্ষ রবিউল ইসলামকে লাঞ্ছিত করেন। এ ছাড়া বহিরাগতদের দিয়ে গতকাল তাঁকেও লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে সঞ্জয় কুমার রায় বলেন, অধ্যক্ষ তাঁদের নামে যেসব অভিযোগ করেছেন, তা সবই অসত্য।