দুর্নীতির অভিযোগে এমডি বদলি তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল ইসলামের বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে জালালাবাদ গ্যাস কোম্পানিতে বদলি করা হয়েছে। তাঁর এ-সংক্রান্ত দুটি চিঠি গত বৃহস্পতিবার কোম্পানির নলকার প্রধান কার্যালয়ে পৌঁছেছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কার্যালয়ের পরিচালক (প্রশাসন) রফিকুল ইসলাম। গতকাল শনিবার ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) আনিসুল হককে। সেই সঙ্গে পেট্রোবাংলার মহাব্যবস্থাপক নূরুল ইসলামকে আহ্বায়ক এবং উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম ও প্রকৌশলী হারুন ভূঁইয়াকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।
পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) আবু নাসিম ভূঁইয়া স্বাক্ষরিত তদন্তের বিষয়ে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে রেজাউল ইসলাম দায়িত্ব নেওয়ার পর সিরাজগঞ্জ, শাহজাদপুর, পাবনা, বেড়া, বগুড়া ও রাজশাহী এলাকায় নিয়মবহির্ভূতভাবে গ্যাস-সংযোগ প্রদান ও জরিমানা আদায় না করে পুনঃসংযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরে তদন্ত কমিটি গঠন করা হয়।