দুর্নীতির অভিযোগে কেসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে খুলনা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আবদুল আজিজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক গত বুধবার তাঁকে বরখাস্ত করেন। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কার্যালয় সূত্রে জানা গেছে, কেসিসি সম্প্রতি আবর্জনা পরিবহনের জন্য একটি ট্রাক কেনার দরপত্র আহ্বান করে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিমেল এন্টারপ্রাইজ ট্রাক কেনার কাজটি পায়। কিন্তু ওই প্রতিষ্ঠানের মালিক মোশারফ হোসের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আবদুল আজিজের সঙ্গে যোগসাজশ করে ৩৯ লাখ টাকা দামের ট্রাক ৫৩ লাখ টাকায় সরবরাহের ব্যবস্থা করেন। প্রাথমিক তদন্তে ১৪ লাখ টাকা অনিয়মের এ ঘটনাটি প্রকাশ হওয়ায় মেয়র বুধবার বিকেলে তাঁকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। ঠিকাদার মোশারফ হোসেন বলেন, ‘ভারতীয় আইচার নামের একটি প্রতিষ্ঠানের যে ট্রাক দেওয়ার কথা সেটির দাম বাজারে ৩৯ লাখ টাকা। কিন্তু ট্রাকটির ফিটিং (সম্পূর্ণ) করতে আরও সাত-আট লাখ টাকা খরচ হয়েছে। তাই আমি সেটির রেট দিয়েছি ৫৩ লাখ টাকা। এখানে কোনো অনিয়মের প্রশ্নই নেই।’ নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রসঙ্গে কথা বলতে রাজি হননি।কেসিসির সচিব এম ইদ্রিস সিদ্দিকী জানান, দরপত্রে ট্রাকের দাম ৫৩ লাখ টাকা দেখে মেয়রের সন্দেহ হয়। তিনি ট্রাক বিক্রয়কারী প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বললে তাঁরা তাঁকে জানান, ট্রাকটির আসল দাম ৩৯ লাখ টাকা।