দুর্নীতির অভিযোগে দুদকের দুই কনস্টেবল গ্রেপ্তার
ভুয়া নোটিশ পাঠিয়ে মানুষকে হয়রানির অভিযোগে গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দুদকের কনস্টেবল ফারুক আহমেদ ও কনস্টেবল খসরু জাহান। গতকাল সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।রমনা থানার পুলিশ জানায়, মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা বিভাগের কনস্টেবল ফারুক একটি মামলা তদন্ত করছিলেন। কয়েক দিন ধরে তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গতকাল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁর ব্যাগ তল্লাশি করে একটি ভুয়া নোটিশ পাওয়া যায়, যাতে এক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়ে তাঁকে দুদকের কার্যালয়ে আসতে বলা হয়েছে। নোটিশটিতে একজন ভুয়া কর্মকর্তার নামে স্বাক্ষর করা হয়েছে।পরে জানা যায়, দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত কনস্টেবল খসরু তাঁকে এ কাজে সাহায্য করতেন। তাঁরা বেশ কিছু দিন ধরেই এভাবে মানুষকে হয়রানি করে অর্থ উপার্জন করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বিকেলে তাঁদের পুলিশের হাতে তুলে দেয় দুদক। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রমনা থানার হেফাজতে রয়েছেন।