কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট সেটেলমেন্ট কার্যালয়ে গত সোমবার থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার তালা খুলতে পৌরমেয়রের শরণাপন্ন হলেও কোনো লাভ হয়নি।
এদিকে জোনাল সেটেলমেন্ট অফিস থেকে গতকাল পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন চার্জ অফিসারকে এই কমিটির আহ্বায়ক ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্যসচিব করা হয়েছে।
মোহনপুর সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশরহাট পৌর এলাকার ভূমি জরিপ ও রেকর্ডের জন্য কেশরহাট পৌরভবনের তিনটি কক্ষে অস্থায়ীভাবে গত ৭ নভেম্বর থেকে এই কার্যালয় চালু হয়।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রথম দিকে এই কার্যালয়ের লোকজন সঠিকভাবেই দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ইদানীং কার্যালয়ের কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। অবশেষে বাধ্য হয়েই গত সোমবার সকাল সাড়ে ৯টায় কয়েক শ ভুক্তভোগী মানুষ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের টেনেহিঁচড়ে বের করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
কেশরহাট গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, তাঁর জমি অন্য লোকের নামে রেকর্ড করে দিয়েছেন। তিনি যখন জানতে পেরেছেন তখন তাঁকে আবেদন করতে বলা হয়েছে। তিনি আবেদন করার পর তাঁর নাম বহাল করে দিয়েছেন। কিন্তু অন্যজনের নাম কর্তন করছেন না। এ নিয়ে হয়রানির শেষ নাই। যিনি টাকা দিচ্ছেন, তাঁর কাজ হচ্ছে। যিনি টাকা দিতে চাচ্ছেন না, তাঁর কাজ হচ্ছে না। এই জ্বালায় এলাকার মানুষ এক হয়ে ওই তালা দিয়েছেন।
এ ব্যাপারে মোহনপুরে কর্মরত সেটেলমেন্ট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কিছু লোক আছেন, তাঁরা তাঁদের নিজের মতো করে রেকর্ড করে নিতে চান। যেভাবে চান, সেভাবে আসলে আইন অনুযায়ী দেওয়া সম্ভব হয় না। এ রকম কিছু লোক সংঘবদ্ধ হয়ে এলাকার লোকজনকে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন।
তালা খোলার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আনোয়ার বলেন, তাঁরা মেয়র শহীদুজ্জামানের কাছে গিয়েছিলেন। তিনি বলেছেন, জনগণ তালা লাগিয়েছে। তাদের নিয়ে বসতে হবে। বৃহস্পতিবার ছাড়া তিনি বসতে পারবেন না।
জানতে চাইলে কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান বলেন, অভিযোগ উঠেছে সেটেলমেন্ট কার্যালয়ের লোকজনও একটু এদিক-ওদিক করেন। জনগণও যাঁর যাঁর মতো করে কাজ করিয়ে নিতে চান। এ নিয়ে একটা ভুল-বোঝাবুঝি হওয়ার পর তালা লাগানো হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা বসবেন। তাঁরা খতিয়ে দেখবেন, সমস্যা কোথায়। সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাঁরা কার্যালয় খোলার ব্যবস্থা করবেন। আজ বুধবার এলাকায় হাটের দিন। বৃহস্পতিবার তাঁরা হয়তো এটা নিয়ে বসতে পারবেন।
জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এই কমিটিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে তিনি সেই মোতাবেক ব্যবস্থা নেবেন।