দুর্নীতির অভিযোগে প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ইমামুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা গত সোমবার ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।দুদকের বগুড়া কার্যালয়ের পরিচালক মেজর শফিকুল ইসলাম জানান, রইছ উদ্দিন শেখ নামের একজন ঠিকাদার গত অর্থবছরে দরপত্রের মাধ্যমে জেলা পরিষদের স্যানিটেশনের কাজ পান। যথাসময়ে কাজ করে তিনি বিলের টাকা উত্তোলন করেন। এই কাজের বিপরীতে জামানতের টাকা ফেরত চেয়ে তিনি গত জুলাইয়ে আবেদন করেন। কিন্তু জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ইমামুল হোসেন এ সংক্রান্ত নথিপত্র ছাড়তে ওই ঠিকাদারের কাছে আড়াই হাজার টাকা দাবি করেন। এ নিয়ে অনেক দেন-দরবার হলেও কোনো লাভ হয়নি। পরে রইছ উদ্দিন বিষয়টি দুদককে জানান। দুদকের পরামর্শ অনুযায়ী তিনি আড়াই হাজার টাকা দিতে রাজি হন এবং টাকার নম্বর ফটোকপি করে রাখেন। সোমবার দুপুরে রইছ উদ্দিন ওই টাকা প্রকৌশলী ইমামুলকে দেন। এ সময় ওত পেতে থাকা দুদকের কর্মকর্তারা ইমামুলকে হাতেনাতে ধরে ফেলেন।