দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদক্ষতা, অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, আর্থিক লেনদেনে অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার শহীদ জিয়াউর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদকে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফয়জুর রহমান বলেন, ওই প্রধান শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য সম্প্রতি সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

 এলাকাবাসী চলতি বছরের ২৮ মে প্রধান শিক্ষক জামাল আহমদের বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা নিজের কাছে রাখা, নয় মাস ধরে অভ্যন্তরীণ নিরীক্ষা না করা, অনুপস্থিত থেকে হাজিরা খাতায় সই করা, শূন্য পদগুলোতে নিয়োগে বাধা সৃষ্টিসহ নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত কমিটি দীর্ঘ তদন্তে অভিযোগের সত্যতা পায়। ২৪ জুন জেলা শিক্ষা কর্মকর্তা ওই তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দাখিল করেন।

 বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ২৭ জুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় এবং একই সঙ্গে তাঁকে ‘কারণ দর্শানোর নোটিশ’ দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক নোটিশ গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর ৯ জুলাই অনুষ্ঠিত সভায় তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কমিটি। আর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিটি গতকাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছে।

 বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেন জানান, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রথমে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। এরপর বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য লিখিতভাবে শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। বোর্ড যে সিদ্ধান্ত দেবে, তা-ই চূড়ান্ত হবে।