দুর্নীতির অভিযোগে মেয়র ও প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে ভোলার লালমোহন পৌরসভার মেয়র, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হয়েছে।গত সোমবার ওই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল কবীর বাদী হয়ে ভোলা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। ওই দিনই আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক), বরিশালকে মামলার তদন্তের নির্দেশ দেন। এজাহার সূত্রে জানা গেছে, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম চলতি বছরের ২৯ এপ্রিল, ভোলায় পৌঁছে না, এমন দুটি পত্রিকায় এক কোটি ৬৭ লাখ চার হাজার ১৯০ টাকার চারটি উন্নয়নকাজের দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দরপত্রের শিডিউল কেনার শেষ তারিখ ছিল ২৮ মে। দরপত্রে আহ্বান করা চারটি কাজই মেয়র গোপনে বাগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন, এমন অভিযোগ জানাজানি হলে ২৪ মে দরপত্রের প্রক্রিয়া স্থগিত করা হয়। কিন্তু দরপত্রের প্রক্রিয়া শেষ না করেই মেয়র ওই দরপত্রের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা একটি সড়কের সংস্কারকাজ ও গাইড ওয়াল নির্মাণ শুরু করে দেন।এ ছাড়া গত জোট সরকারের সময় তৎকালীন মেয়র পৌরসভার ১০০ বছরের পুরোনো মেহেরগঞ্জ খতিয়ানভুক্ত ৬৯ শতাংশ পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ করে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) পুকুরটি ভরাটের বিরুদ্ধে আদালতে রিট করলে গত জানুয়ারি মাসে ওই মার্কেট নির্মাণের ওপর আদালত স্থগিতাদেশ জারি করেন। বর্তমান মেয়র এমদাদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ওই আদেশ উপেক্ষা করে ভরাটকৃত পুকুরের জমিতে প্রায় ৯৯ লাখ টাকার কমিনিউটি সেন্টার নির্মাণেরও দরপত্র আহ্বান করেছেন। মেয়র ও নির্বাহী প্রকৌশলী এর আগে গোপনে আরও তিনটি দরপত্র আহ্বান করে চার কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।অভিযোগ অস্বীকার করে মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, ‘আমি চক্রান্তের শিকার। নিরপেক্ষভাবে পৌরসভার জনসাধারণের স্বার্থ রক্ষায় কাজ করে আসছি। এবং অন্যায়ের প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এ মামলা করা হয়েছে।’