দুর্নীতির অভিযোগে সাংসদ মজিদের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আবদুল মজিদ খানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা আসন্ন নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য পদে মজিদ খানকে মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মী দুপুরে শহরের ঘাটিয়া বাজার এলাকায় সমবেত হন। পরে তাঁরা আবদুল মজিদ খানের বিরুদ্ধে মিছিল শুরু করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রমের সময় হবিগঞ্জ সদর থানার পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিলকারীরা শহরের ঘাটিয়া বাজার এলাকায় প্রতিবাদ সভা করেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক।
সভায় বক্তারা বলেন, আবদুল মজিদ খান সাংসদ হওয়ার আগে টিনের ঘরে বসবাস করতেন। এখন পাঁচ থেকে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত নিজস্ব বহুতল ভবনে বসবাস করছেন। তিনি দলের নেতাদের সঙ্গে সম্পর্ক না রেখে ভোটের জন্য স্থানীয় জামায়াত-শিবির নেতাদের সঙ্গে সম্পর্ক রাখছেন।
সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান তালুকদার বলেন, সাংসদ আবদুল মজিদ খানের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের দূরত্ব বেড়েছে। তিনি নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এই মুহূর্তে জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ এ আসন হারাবে। তাই নেতা-কর্মীরা এবারের নির্বাচনে নৌকা মার্কার অন্য কোনো প্রার্থীকে দেখতে চান।
জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সজীব আলী বলেন, সাংসদ মজিদ খান গত পাঁচ বছরে কত দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তা তদন্ত হলেই বের হয়ে আসবে।
সভায় আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির, সহসভাপতি আলিম সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ, বানিয়াচং উপজেলা কৃষক লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার মো. সুমন, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাছির মিয়া প্রমুখ।
এ ব্যাপারে আবদুল মজিদ খান প্রথম আলোকে বলেন, কিছু নেতা-কর্মীর অন্যায় আবদার রক্ষা না করায় ও সুযোগ-সুবিধা না দেওয়ায় তাঁরাই কিছু লোক নিয়ে এ মিছিল করেছেন। এতে দলের কোনো সম্পৃক্ততা নেই।