দুর্নীতির অভিযোগে সিদ্ধিরগঞ্জে ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার নামে সোনালী ব্যাংকের ঢাকা স্থানীয় কার্যালয় থেকে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে ৩ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই পোশাক কারখানা ও ব্যাংকের নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক আবদুস ছালাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির জগরণী টেক্সটাইল মিলের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিয়াজী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান, ঢাকার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, সাবেক মহাব্যবস্থাপক এম এ বাতেন খান (বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক উপমহাব্যবস্থাপক হোসনে আরা বেগম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক এম সরোয়ার হোসেন, সাবেক সহকারী মহাব্যবস্থাপক এ টি এম মিজানুর রহমান, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন ও সাবেক জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনকে।
মামলায় উল্লেখ করা হয়, ব্যাক টু ব্যাক এলসি খোলার আগে প্রতিষ্ঠানটি চালু রয়েছে কি না, তা যাচাই না করে বন্ধ প্রতিষ্ঠানের (সিদ্ধিরগঞ্জের জালকুড়ির জগরণী টেক্সটাইল মিল) অনুকূলে এলসি অনুমোদন দেওয়া হয়। এতে করে ব্যাক টু ব্যাক এলসির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও জরুরি ভিত্তিতে রপ্তানি শর্তে ডিমান্ড লোন সৃষ্টি করে ডিমান্ড লোনের অর্থ সোনালী ব্যাংকের ঢাকার স্থানীয় কার্যালয়ের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিরা ২ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা আত্মসাৎ করেন।
একইভাবে পোশাক তৈরি না করেই তৈরি পোশাক রপ্তানির নামে জাহাজীকরণের কথা উল্লেখ করে ৫২ লাখ টাকা চেকের মাধ্যমে সরাসরি উত্তোলন করে আত্মসাৎ করা হয়। পরস্পর যোগসাজশে তাঁরা সর্বমোট ৩ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা আত্মসাৎ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ জানান, এ ঘটনায় দুদকের উপপরিচালক বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি দুদকই তদন্ত করবে।