জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হয়েছে। ২৬ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিযোগটি তদন্ত করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান বলেন, ‘অবৈধভাবে বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ কেটে নেওয়া হয়েছে এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু হাসানের স্ত্রী গণিত শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া শিক্ষক নিয়োগে বড় অঙ্কের অনুদান নেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গত ৫ জুন প্রথম আলোয় ‘মামা-ভাগ্নের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে এলাকাবাসী ইউএনওর কাছে মোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু হাসানের বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ ও গাছ কাটার লিখিত অভিযোগ দেন। ইউএনও অভিযোগটি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। এরপর শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে অভিযোগটি তদন্ত করেন।
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, অভিযোগ আসার পরপরই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।