দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোহাখুচি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান ও বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নায়েব আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে সত্যতা মিলেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক গত ৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (দিনাজপুর) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের অফিস সহকারী আবদুল জলিল মণ্ডল ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর মজিবর রহমান ও নায়েব আলীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজর রণবীর চন্দ্র বর্মণ তদন্ত শেষে ১৩ ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আলমের কাছে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে, মজিবর রহমান ২০০৯ সালের ৮ নভেম্বর অবসর গ্রহণের পর বিদ্যালয়ের বাসায় থাকার মেয়াদ শেষ হলেও তা নিজের দখলে রেখেছেন। মজিবর রহমান বলেন, ‘আমি থাকার জন্য একটি বাসার ব্যবস্থা করতে পারলেই স্কুলের বাসা ছেড়ে দেব।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রধান শিক্ষক পদে দায়িত্ব নেওয়ার পর নায়েব আলীর সীমাহীন দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার কারণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষুব্ধ। নায়েব আলী বলেন, আমি কোনো অনিয়ম-দুর্নীতি করিনি। ইউএনও শামিম আলম বলেন, লোহাখুচি উচ্চবিদ্যালয়ের সাবেক এবং বর্তমান প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে আনা অনিয়ম দুর্নীতির তদন্তে অধিকাংশের সত্যতা পাওয়া গেছে।