দুর্নীতির এক অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সাংসদ বদি
টেকনাফ পৌরসভার মেয়র থাকার সময় রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি। তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।
দুদকের সূত্র বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। তবে সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছর দুদকের করা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
দুদকের সূত্র বলেছে, আবদুর রহমান বদি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। ওই সময় তাঁর বিরুদ্ধে পৌরসভার রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের দরপত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। একই অভিযোগ ছিল টেকনাফ পৌরসভার তৎকালীন প্রকৌশলী লতিফুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার ইসমাইলের বিরুদ্ধে। অভিযোগটি যাচাই-বাছাই করে ২০০৪ সালের ডিসেম্বরে তাঁদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। কিন্তু দুদকের অনিষ্পন্ন শাখায় অভিযোগটি দীর্ঘদিন পড়ে থাকে। সম্প্রতি দুদকের চট্টগ্রাম-২-এর সমন্বিত জেলা কার্যালয়কে কমিশনের পক্ষ থেকে অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান অভিযোগ অনুসন্ধান করেন। অনুসন্ধান শেষে বিষয়টি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি কমিশন অভিযোগটি নথিভুক্তির অনুমোদন দেয়। নথিভুক্তির মাধ্যমে সাংসদ বদিসহ ওই তিনজন অভিযোগ থেকে অব্যাহতি পেলেন।
ওই অভিযোগ থেকে অব্যাহতি পেলেও সাংসদ বদির বিরুদ্ধে দুদকের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। গত বছরের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় এই মামলা করে দুদক। ওই বছরের ১২ অক্টোবর এই মামলায় সাংসদ বদি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ১৬ অক্টোবর নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেন। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন (রিভিশন) করেন। হাইকোর্ট তাঁর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ওই আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করলে চেম্বার আদালত তাতে কোনো আদেশ দেননি। এর ফলে ৩০ অক্টোবর সাংসদ বদি কারাগার থেকে মুক্তি পান।
চলতি বছরের ৬ মে ওই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। এতে সাংসদ বদির বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত ৬ কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার সম্পদ অর্জন এবং দুদকের কাছে দেওয়া সম্পদ বিবরণীতে ৩ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।