দুর্নীতির কলঙ্ক মুছতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: ওবায়দুল
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ থেকে দুর্নীতির কলঙ্কতিলক মুছতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সেবা খাতগুলোর সেবাদানপদ্ধতি সংস্কারের পাশাপাশি অভিন্ন জাতীয় ইস্যুগুলোতে দলমত নির্বিশেষে মতৈক্যের বিকল্প নেই।গতকাল বুধবার ইংরেজি দৈনিক দি ইন্ডিপেনডেন্ট আয়োজিত ‘করাপশন থ্রো এইজেস অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন ইকোনমি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশে সর্বত্র বিভাজনের রাজনীতি চলছে। অনৈক্যের দেয়াল দিন দিন উঁচু হচ্ছে, কিন্তু ঐক্যের সেতু তৈরি হচ্ছে না। মন্ত্রী সব রাজনৈতিক দলকে ঐক্যের সেতু নির্মাণে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল।বৈঠকে অন্যান্যের মধ্যে হাসানুল হক ইনু, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান, দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম, ডেইলি সান পত্রিকার সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দীন আহমদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বক্তব্য দেন।