দুর্নীতির কারণে ন্যাশনাল সার্ভিসের সাফল্য কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা বলেছে, অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারের চলমান প্রকল্প আশানুরূপ সাফল্য পায়নি।
গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। টিআইবি বলেছে, কর্মসূচির সমস্যা চিহ্নিত ও সমাধানের সুপারিশের জন্য এই গবেষণা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সরকারের রাজনৈতিক অঙ্গীকারের অংশ হিসেবে ২০১০ সালে পরীক্ষামূলকভাবে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণ করা হয়। এর উদ্দেশ্য ছিল শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা। পরে ২০১৩ সালে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রকল্পের জন্য মোট ৮১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দের মধ্যে ৫৩ শতাংশ কুড়িগ্রামে, ২৯ শতাংশ গোপালগঞ্জে এবং ১৮ শতাংশ বরগুনায় দেওয়া হয়। প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী। এর মধ্যে গোপালগঞ্জ ও বরগুনাতে নারী-পুরুষের হার প্রায় সমান। কিন্তু কুড়িগ্রামে সুবিধাভোগীদের মধ্যে পুরুষ ৬৭ এবং নারী ৩৩ শতাংশ।
জবাবদিহিতার অভাবে প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রকল্পে ৫৬ হাজার ৫৪ জন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়। বেকার না হয়েও অনেকে এই প্রকল্পে অংশ নিয়েছেন। অনেকে চাকরি ছেড়ে দিয়ে অংশ নিয়েছেন। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দেখিয়ে, টাকার বিনিময়ে এবং প্রভাবশালীদের সুপারিশে অনেকে অন্তর্ভুক্ত হয়েছেন। একই পরিবারের সাতজন পর্যন্ত সুযোগ পেয়েছেন। ভাতা বাবদ এই পরিবারকে দিতে হয়েছে ১০ লাখ ৮৫ হাজার টাকা। প্রশিক্ষণে নির্ধারিত ব্যক্তি প্রশিক্ষণ দেননি। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ৯৮ দিনে ৭৭৬টি ক্লাস নিয়ে মোট তিন লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকল্পে সুবিধাভোগীদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করে টিআইবির সুপারিশে বলা হয়েছে, এই কর্মসূচি সম্প্রসারণে সুনির্দিষ্ট নীতিমালা দরকার। সুবিধাভোগীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পরামর্শক ও প্রশিক্ষক নিয়োগের কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন নীনা শামসুন নাহার। অনুষ্ঠানে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, কিছু অনিয়ম হলেও সরকারের প্রকল্পটি প্রশংসনীয়। এর মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে সরকার পরিবর্তন হলে প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে। সরকারে যেই আসুক, উচিত হবে প্রকল্পটি ধরে রেখে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।