দুর্নীতির কারণে বাংলাদেশে মানুষের মৃত্যু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রানা প্লাজায় জমি থেকে শুরু করে ভবন নির্মাণে দুর্নীতি হয়েছে। একইভাবে দুর্নীতির মাধ্যমে বিজিএমইএ ভবন নির্মিত হয়েছে। রানা প্লাজা আর বিজিএমইএর ইতিহাস আলাদা নয়। আর এভাবেই দুর্নীতির কারণে বাংলাদেশে মানুষের মৃত্যু হচ্ছে।
নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল সম্মেলনকক্ষে গতকাল সোমবার বিকেলে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুর্নীতিকে উন্নয়নের বড় বাধা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, দেশে কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে আরও উৎসাহিত করা হচ্ছে। এটি হচ্ছে দুর্নীতিতে সরকারের একধরনের সমর্থন।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সরকারি-বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে দেশের ৬৯ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়। দুর্নীতি করলে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে—এ বিষয়টি যতক্ষণ নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি রোধ করা সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।
মতবিনিময় সভায় সাবেক সাংসদ আহসান আহম্মেদ বলেন, দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকদের একটি করে এলআর ফান্ড রয়েছে, যা থেকে কর্মকর্তারা খেয়ালখুশিমতো খরচ করেন। এই তহবিলের কোনো নিরীক্ষা পর্যন্ত হয় না। এখানে বড় ধরনের দুর্নীতি হয়।
দুর্নীতি প্রতিরোধে সরকারি চাকরিতে যোগদানের সময় এবং কর্মকর্তাদের বিয়ের সময় তাঁর স্বামী বা স্ত্রী, পরিবার, শ্বশুর-শাশুড়ির সম্পদের হিসাব বাধ্যতামূলক করার দাবি জানান নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী।
নীলফামারীর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নরেশচন্দ্র রায়ের সভাপতিত্ব অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস প্রমুখ।