দুর্নীতির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উন্নয়নে দুর্নীতি বড় বাধা। দুর্নীতির কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা। দুর্নীতি নিয়ন্ত্রণে পেশাজীবী, বুদ্ধিজীবী ও তরুণদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। শহরের একটি হোটেলে এ সভা হয়।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে দুদককে স্বাধীনভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করার অধিকার দিতে হবে। দেখা যায়, দুর্নীতি করেও অনেকে সম্মানজনক পদে আসীন। দুর্নীতিবাজ ব্যক্তিকে অনেক ক্ষেত্রে রাষ্ট্রও সুরক্ষা দেয়। মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিদেশিদের সংবর্ধনার ক্রেস্টেও দুর্নীতি হয়েছে। অথচ সংসদীয় কমিটির স্বার্থের কারণে এ ঘটনার বিচার হয়নি। জনগণকে জাগ্রত করে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ও সোচ্চার হতে হবে।
সনাকের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বনশ্রী পাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পৌর মেয়র আবু তাহের, জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাছিম মিয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ রফিকুল আহসান, সনাকের সহসভাপতি আবুল মোবারক ভূঁইয়া, কলেজশিক্ষক গাজী গিয়াস উদ্দিন।