আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির কারণেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১টি অভিযোগ থাকায় অন্য বিচারপতিরা তাঁর সঙ্গে বসতে চাননি। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন।
গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে পৌর এলাকার তালতলা গ্রামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটি সংবিধান উপহার দিয়ে গেছেন। ১৯৭৫ সাল থেকে এই সংবিধান নিয়ে ফুটবল খেলা শুরু হয়। আমি বলেছিলাম, সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। আর এ কথা শুনেই তিনি (এস কে সিনহা) গোসসা হয়ে যান।’
আইনমন্ত্রী বলেন, ‘আগামী বছরের (২০১৮ সাল) ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে শুধু ভোট নয়, আইনের মাধ্যমেও জবাব দেওয়া হবে। কাউকে গন্ডগোল করতেও দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতে আমরা আবারও ক্ষমতায় আসব।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে বসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রেলে উঠে গেছে।