দুর্নীতির ছয় মামলায় মৃধার জামিন নামঞ্জুর
রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক (পরে বরখাস্ত) ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে করা রেলওয়েতে লোক নিয়োগে দুর্নীতির ছয় মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন শুনানি শেষে এই আদেশ দেন।
২০১২ সালের ৯ এপ্রিল রাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের (প্রয়াত) বাসায় যাওয়ার পথে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে টাকার বস্তাসহ একটি মাইক্রোবাস ঢুকে পড়ে। গাড়িতে মৃধা ছাড়া আরও ছিলেন রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক এবং তৎকালীন রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব ওমর ফারুক তালুকদার ও চালক আজম খান। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
মৃধা পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক থাকার সময় রেলের ১৩টি শ্রেণিতে (ক্যাটাগরি) ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। মামলার আসামি হওয়ার পর ২০১২ সাল থেকে দুই বছর পলাতক ছিলেন তিনি। ২০১৪ সালের ৩ মার্চ চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করায় সে দিন থেকে কারাগারে রয়েছেন মৃধা।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, সহকারী লোকো মাস্টার, গুডস সহকারী, কোর্ট ইন্সপেক্টর, টুলকিপার, ট্রেন নম্বর টেকার ও টিকেট ইস্যুকার পদে নিয়োগে দুর্নীতির ছয় মামলায় মৃধার জামিনের আবেদন করা হয়। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বলা হয়, আসামিরা পাস করা প্রার্থীকে ফেল দেখিয়ে ফেল করা প্রার্থীকে পাস দেখান। তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, জামিনে গেলে মৃধা পালিয়ে যাবেন না। দুদকের আইনজীবী আরও বলেন, ছয় মামলায় মৃধার সঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরীর জামিনের আবেদনও করা হয়। আদালত এর মধ্যে টিকিট ইস্যুকার, ট্রেন নম্বর টেকার ও টুলকিপার পদে নিয়োগের তিন মামলায় ওই দুই আসামির জামিন মঞ্জুর করেন। বাকি তিনটি মামলায় নামঞ্জুর করেন।
দুদক সূত্র জানায়, রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে মৃধাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ১৩টি মামলা করেছে। এর মধ্যে প্রথমবারের মতো দুটি মামলায় চলতি বছরের ২৭ এপ্রিল রায় দেন আদালত। রেলের সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির দুই মামলায় মৃধা, কিবরিয়া ও হাফিজুরকে চার বছর করে (প্রতিটিতে দুই বছর) কারাদণ্ড দেন আদালত। নিয়োগে দুর্নীতির বাকি ১১টি মামলার মধ্যে চারটি মামলার বিচার চলছে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে। পাঁচটি মামলায় দুদক অভিযোগপত্র দিয়েছে আদালতে। বাকি দুটি মামলার তদন্ত শেষ হয়নি। এর আগে গত বছরের ৩ আগস্ট অন্য একটি মামলায় ঢাকার একটি আদালতে তিন বছরের সাজা হয় মৃধার।