দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয়: দুদক
দুর্নীতির টাকাই জঙ্গিবাদে ব্যবহৃত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘অর্থনৈতিক সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিরোধ করতে না পারলে কেউ নিরাপদ থাকব না।’
দুদকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে বৈঠকে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। গতকাল রোববার সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
দুদকের চেয়ারম্যান বলেন, ‘ব্যাংক থেকে লক্ষ-কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। আমরা এই দুর্নীতি বন্ধ করতে চাই। আমরা এখন সব সরকারি ব্যাংকে যাচ্ছি। এই অনিয়মের জন্য পরিচালনা পর্ষদেরও দায় আছে। তাদেরও ডাকছি।’ সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের দুর্নীতির বিরুদ্ধেও দুদকের অবস্থানের কথা জানান ইকবাল মাহমুদ।
অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা সাদা করার সুযোগ দেওয়াকে ‘দুর্নীতির গহ্বর’ বলে মনে করেন দুদকের চেয়ারম্যান। তিনি বলেন, ‘এর সঙ্গে ফ্ল্যাটমালিক, জমির মালিক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)—সবাই জড়িত। এ বিষয়ে আমরা সরকারকে সুপারিশ করব।’
ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের আইনের দুর্বলতা নেই। ক্ষমতার কমতি নেই। রাজনৈতিক কোনো চাপও নেই।’ আর্থিক খাত ছাড়াও দুদক শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি। দুদকের চেয়ারম্যান বলেন, ‘আমাদের শিক্ষার মান কমে গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। যদি কোনো স্কুলে পরীক্ষায় এক বিষয়ে অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে ওপরের ক্লাসে প্রমোশন দেওয়া হয়, তাহলে আমরা মামলা করব।’
স্বাগত বক্তব্য দেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। সভা সঞ্চালনা করেন দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। আর কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন মহাপরিচালক মো. শামসুল আরেফিন।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধে বেশি জোর দিতে হবে। কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন দুর্নীতি বন্ধে শিক্ষক, অভিভাবকসহ তরুণদের বিভিন্ন সংগঠনকে কাজে লাগানোর পরামর্শ দেন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।
বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনসহ বিভিন্ন গণমাধ্যমের ১১ জন প্রতিনিধি বক্তব্য দেন।
কর্মপরিকল্পনায় যা আছে: ২০১৬-২১ সময়ের জন্য দুদকের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনায় আটটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন, কার্যকর তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম, কার্যকর বিচার-প্রক্রিয়ার জন্য দৃঢ় প্রসিকিউশন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ, অ্যাডভোকেসি ও শিক্ষা কার্যক্রম জোরদার করা, উদ্ভাবনী গবেষণা কার্যক্রম চালু, রাজনৈতিক সদিচ্ছা ও স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা জোরদারকরণ।