দুর্নীতির টাকা যেখানেই যাক, যার অ্যাকাউন্টেই যাবে তা ফেরত আনা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, জঙ্গিবাদে অর্থ দেওয়া মানে তা পানিতে ফেলা। জঙ্গিবাদের পরিণতি কী হতে পারে, তা কল্যাণপুরের ঘটনা থেকে বোঝা যায়। অবৈধভাবে অর্জিত টাকাই এ রকম অনৈতিক কাজে ব্যবহৃত হয়।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় ইকবাল মাহমুদ এসব কথা বলেন। দুর্নীতি রোধে সুশিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষকেরা যদি সহযোগিতা করেন তাহলে এ দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
দুদকের স্বাধীনতা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘আইনগতভাবেই দুদক স্বাধীন। এখানে আর্থিক স্বাধীনতাও রয়েছে। আমরা স্বাধীনতা অবশ্যই প্রয়োগ করতে পারছি। কথা দিলাম, না পারলে চলে যাব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, দুদককে স্বাধীনভাবে কাজ করতে হলে এবং দুর্নীতি সহনীয় পর্যায়ে আনতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। না হলে একে ঠুঁটোজগন্নাথ হয়ে থাকতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ বলেন, দুদকের স্বাধীন আইনি কাঠামোর পাশাপাশি আর্থিক পরিপক্বতা থাকতে হবে। সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা উচিত। পাঠ্যপুস্তকে দুর্নীতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদা আক্তার প্রমুখ বক্তব্য দেন। দুদকের দুই কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ও নাসিরউদ্দীন আহমেদ, সচিব আবু মো. মোস্তফা কামাল প্রমুখ।