দুর্নীতির তথ্য সংগ্রহে কানাডায় যাচ্ছে দুদক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলার তদন্তের জন্য আগামী সপ্তাহে কানাডায় যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে আছেন দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক এবং পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল আলম।প্রতিনিধিদলটি পাঠানোর বিষয়ে ইতিমধ্যে সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ ও উচ্চতর তদন্তের জন্য কমিশন প্রতিনিধিদলটি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের দ্রুত পাঠানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুদকের সূত্র জানায়, দুই সদস্যের প্রতিনিধিদলটি চলতি মাসের ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত কানাডায় অবস্থান করবে। কানাডায় নিজস্ব তদন্তের চেয়েও সেখানকার (মন্ট্রিল) আদালতে পদ্মা সেতু নির্মাণ ও দেখভালে ঘুষ লেনদেনের প্রস্তাব সম্পর্কে শুনানিতে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করা হবে তাদের প্রধান কাজ। দুদকের পক্ষ থেকে দলটিকে কানাডার রয়েল মাউন্টেড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং জব্দকৃত আলামত থেকে তথ্য ও সেগুলোর প্রত্যায়িত অনুলিপি নিয়ে আসতে সব ধরনের সহযোগিতা দিতে কানাডা সরকারের কাছে অনুরোধপত্র পাঠানো হয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কানাডা থেকে আনা তথ্য ও দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করে দ্রুত পদ্মা সেতু মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করার জন্য তাঁদের আদেশ দেওয়া হয়েছে।পদ্মা সেতু দুর্নীতির মামলায় গত ১৭ ডিসেম্বর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে বাদ দিয়ে মোট সাতজনকে আসামি করে রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। আসামিরা হলেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ আহমেদ জাবের, ইপিসির উপব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, এসএনসি-লাভালিনের ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ্ এবং সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল। তাঁদের মধ্যে মোশাররফ ও ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন। আর রিয়াজ আহমেদ জাবের রিমান্ড শেষে কারাগারে আছেন। তিন বিদেশি আসামি বর্তমানে কানাডায় রয়েছেন। গোলাম মোস্তফা দেশের বাইরে চলে যাওয়ায় তাঁকে পলাতক ঘোষণা করা হয়েছে।