দুর্নীতির তদন্ত নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনে নিয়োগসহ উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ওই সব অভিযোগের তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন মন্ত্রণালয়ের তদন্ত নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। তদন্ত দল সঠিকভাবে তদন্ত করেনি—এমন অভিযোগ উঠেছে। যার জন্য প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবেন বলেও মনে করছেন অনেকে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আক্তার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল বরিশাল সিটি করপোরেশন পরিদর্শন করেছে। দলের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো. জসিমউদ্দিন হায়দার, প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খলিলুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।
সিটি করপোরেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, করপোরেশনের নিয়োগে অনিয়ম, বাজার রোডসহ কয়েকটি স্থানে স্টল বরাদ্দে দুর্নীতি, সড়ক ও নালা নির্মাণে অনিয়ম হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতি তদন্ত করতে মন্ত্রণালয়ের তদন্ত দল বরিশালে এসেছিল। নিয়োগের বিষয়ে তারা কর্মকর্তাদের সামনে জিজ্ঞাসাবাদ করেছে। চাকরি খোয়া যাওয়ার ভয়ে কেউ মুখ খোলেননি। এ ব্যাপারে যাঁদের কাছে জানা দরকার, তাঁদের জিজ্ঞাসা করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে করপোরেশনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিয়োগ-বাণিজ্য, অর্থ লেনদেনের সচিত্র প্রতিবেদন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। কিন্তু তদন্ত দল সেসব বিষয় আমলে নেয়নি। যার ফলে অভিযুক্ত ব্যক্তিদের পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মুর্তজা আবেদীন অভিযোগ করে বলেন, ‘তদন্ত দল এসেছে, এটাই জানি না। নিয়োগে অনিয়মের বিষয়টি তো আমার কাছে হাতেনাতে ধরা পড়েছে। কিন্তু তদন্ত দল আমার কাছে কিছু জানতে চায়নি।’
করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, ‘অনিয়ম ও দুর্নীতি নয়, এটা রুটিন ভিজিট। তাঁরা নগরের ফোর লেন কাজ, অডিটরিয়ামসহ কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শন করেছেন।’
তদন্ত দলের সদস্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সুযোগ পেলে এর অপব্যবহার করার প্রবণতা দেখা দেয়। এটা কোনো রুটিন কাজ নয়, মন্ত্রণালয়ে দেওয়া অভিযোগের ভিত্তিতেই তদন্ত করা হয়েছে।’
তদন্ত দলের সদস্যসচিব ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. জসিমউদ্দিন হায়দার বলেন, ‘ তদন্ত দলের সামনে কেউ কথা বলতে রাজি হচ্ছে না। সবাইকে অনুরোধ করা হয়েছে গোপনে আমাদের কাছে তথ্য দেওয়ার জন্য।’