দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদককে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সাবেক জিএস আবু জাফর সিকদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং
সাবেক অধ্যক্ষ নূরুল আনোয়ারকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং চার লাখ টাকা জরিমানা, আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ওই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাবেক অধ্যক্ষ নূরুল আনোয়ার ও কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবু জাফর সিকদার।
দুদকের অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০২ সালে বিএম কলেজের ছাত্রসংসদ (বাকসু) ভবন সংস্কারের জন্য ১০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর পৃথকভাবে দুটি খাতে চেকের মাধ্যমে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা উত্তোলন করা হয়। এ ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবুল হাসান সরেজমিনে ওই সংস্কারের অনুকূলে ১২ হাজার ১৫১ টাকার কাজ করার সন্ধান পান। বাকি ১ লাখ ৭৮ হাজার ৮৯৯ টাকা কাজের প্রমাণ তিনি পাননি।
এ ঘটনায় সহকারী পরিচালক আবুল হাসান ২০০৯ সালের ৩১ মার্চ আদালতে মামলা দায়ের করেন। দুদকের আরেকজন সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ২৩ ডিসেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য নেন। গতকাল আবু জাফর সিকদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
একই অভিযোগে কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল আনোয়ারকে পৃথক ধারায় দুই বছর করে চার বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাস করে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।