বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার বলেছেন, কুইক রেন্টাল বিদ্যুৎব্যবস্থার নামে বিনা দরপত্রে দলের নেতা-কর্মী ও মন্ত্রীদের ভাইবোনকে কাজ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০-৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এসব দুর্নীতির দায় থেকে মুক্ত হতে পারবে না সরকার। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নাছির উদ্দিন।স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি কবীর চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা আ ন ম মুনির আহম্মদ, নসরুল কবীর, হাছান মাহমুদ, দস্তগীর চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার দস্তগীর, ছেলে ফয়সাল দস্তগীর চৌধুরী প্রমুখ।