দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের দায়ে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বোর্ড প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটির প্রায় প্রতিটি প্রতিবেদনই ধামাচাপা পড়েছে। তদন্ত প্রতিবেদনগুলো ধামাচাপা পড়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার আগে আরও ১৪ জন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। তাঁরা যেখানে এসব সমস্যার সমাধান করতে পারলেন না, সেখানে আমি কী করে এগুলোর সমাধান করব?’অনুসন্ধানে জানা যায়, ১৯৯৮ সালে বোর্ডের এইচএসসি পরীক্ষায় মেধা কেলেঙ্কারির ঘটনায় তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন না করার জন্য তৎকালীন চেয়ারম্যান আহমদ হোসেনের ওপর চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় জননিরাপত্তা আইনে মামলা করেন। বোর্ড সূত্র জানায়, ২০০৩ সালে এইচএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর (রোল নম্বর ১০০৭১২) ছয়টি বিষয়ের উত্তরপত্র জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। এতে উত্তরপত্রের ওএমআরের প্রথম ও দ্বিতীয় অংশ পাল্টে ফেলা হয়। এ সময় গঠিত তদন্ত কমিটি ঘটনার সঙ্গে বোর্ডের কম্পিউটার সেন্টারের কর্মচারী উৎপল কুমার বিশ্বাস ও মো. মহসিন পাটোয়ারীর জড়িত থাকার প্রমাণ তুলে ধরে। কিন্তু পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বোর্ড সূত্র জানায়, ২০০৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট ও আইন) বি ডি মিত্র বোর্ডের বিভিন্ন দুর্নীতি সম্পর্কে তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেন। তিনি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেন। ২০০৮ সালে মন্ত্রণালয় থেকে আবারও ওই তদন্ত প্রতিবেদন বাস্তবায়নের জন্য বোর্ডের চেয়ারম্যানকে তাগিদ দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষা বিভাগীয় নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ২০১০ সালের ২৮-৩১ মার্চ পর্যন্ত বোর্ডের বিভিন্ন অনিয়মের তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেন। অথচ এ প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এ অবস্থায় প্রশাসনিক ও আর্থিক বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওসমান গনির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ বছরের ১৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীকে তাগিদ দেওয়া হয়। কিন্তু এর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় চেয়ারম্যানকে গত ১৯ জুলাই আরও একটি চিঠি দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। এতে মো. ওসমান গনির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে অনুরোধ করা হয় চেয়ারম্যানকে। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ওসমান গনির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী বলেন, আসলে ওসমান গনির বিরুদ্ধে অর্থ আত্মসাতের তেমন প্রমাণ পাওয়া যায়নি। তার পরও যেটুকু আর্থিক অসংগতির সৃষ্টি হয়েছে, তা তাঁর বেতন থেকে কেটে রাখা হচ্ছে। চেয়ারম্যান গত ১৫ আগস্ট ওসমান গনির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেন। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, ওই তারিখে কোনো চিঠি পাঠানোর বিষয়টি বোর্ডের সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কোথাও নথিভুক্ত হয়নি। বরং তা পুরোনো তারিখ দিয়ে (১২ আগস্ট) নথিভুক্ত করার জন্য পাঠানো হয় ২৩ আগস্ট। নথিভুক্ত ছাড়াই মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করে বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘কোথাও কোনো চিঠি পাঠানোর সময় তা নথিভুক্ত হওয়াই যুক্তিসংগত।’