দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হলেন প্রাথমিকের উপপরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি ও অসদাচরণের দায়ে বরখাস্ত হলেন প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগের উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইফতেখার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে নীতিমালার তোয়াক্কা না করে টাকার বিনিময়ে বদলি–বাণিজ্য, বিভাগীয় মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ও হয়রানির অভিযোগ ওঠে। এ নিয়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে বিভাগীয় মামলা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এরপর অভিযুক্ত কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া কারণ দর্শানোর নোটিশের জবাবও দেন। তবে তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় আনুষঙ্গিক প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।