দুর্নীতির দায়ে তিন সাব রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের দায়ে তিন সাব-রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। তাঁরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাকিবুন্নাহার, মাগুরা সদরের সুব্রত কুমার দাস ও মানিকগঞ্জের সাটুরিয়ার নেয়ামুল বারী। গতকাল বৃহস্পতিবার নিবন্ধন মহাপরিদপ্তর থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
সাকিবুন্নাহারের বিষয়ে আদেশে বলা হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক গত বুধবার রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনে জানা যায়, ১ জানুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ হাজার ৬৮টি দলিল তৈরি হয়েছে। এর মধ্যে সাকিবুন্নাহার ৫ মার্চ পর্যন্ত দুই হাজার ৮০০টি দলিলে সই করেন।
এ বিষয়ে জানতে চাইলে আইনসচিব আবু সালেহ প্রথম আলোকে বলেন, সাকিবুন্নাহারকে দায়িত্বে অবহেলা, অদক্ষতা ও অসদাচরণের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দলিল আটকে রেখে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
সুব্রত কুমার দাসের বিরুদ্ধে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগের অভিযোগ রয়েছে। এ ছাড়া, তিনি জনৈক মাহবুব হাসানের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।